চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি: সাবমেশিনগানসহ তিন অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার তিন
![]()
নিউজ ডেস্ক
চট্টগ্রাম নগরের চন্দনপুরা এলাকায় সাবেক সংসদ সদস্য ও ব্যবসায়ী মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় ব্যবহৃত সাবমেশিনগানসহ তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের তিন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টায় নগরের দামপাড়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, নগরের চকবাজার, পাঁচলাইশ, খুলশী ও বায়েজিদ এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে আব্দুল কাইয়ুম চৌধুরী ওরফে রিমন, মো. মনির ও মো. সায়েম নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি সাবমেশিনগান (এসএমজি), দুটি ম্যাগাজিন ও ৫০টি গুলি, একটি বিদেশি রিভলবার ও ৯টি গুলি এবং একটি ব্রাজিলিয়ান টরাস (৯ এমএম) পিস্তল উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলোর মধ্যে বিদেশি পিস্তল ও রিভলবারটি পুলিশের অস্ত্র, যা ২০২৪ সালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দুটি থানা থেকে লুট হয়েছিল।
সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তারা জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের সহযোগী হিসেবে কাজ করছিলেন। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের কর্মকর্তারা জানান, চন্দনপুরা এলাকায় সাবেক সংসদ সদস্য ও ব্যবসায়ী মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারে পুলিশ ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।