রাঙ্গামাটিতে বধির ছাত্র-ছাত্রীদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ
![]()
নিউজ ডেস্ক
রাঙ্গামাটিতে বধির (বাক্-শ্রবণ) ছাত্র-ছাত্রী ও সদস্যদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এই মানবিক কর্মসূচিতে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৩টায় রাঙ্গামাটি শহরের আসামবস্তি এলাকায় অবস্থিত রাঙ্গামাটি বধির (বাক্-শ্রবণ) বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রাঙ্গামাটি প্রেসক্লাব-এর সভাপতি আনোয়ারুল আল হক এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. নাছির উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ-এর সদস্য মো. হাবীব আজম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বধির কল্যাণ সমিতি-এর সভাপতি ও চিত্রশিল্পী মো. ইব্রাহিম (মাস্টার), বিশিষ্ট সমাজসেবক সুফিয়া কামাল ঝিমি, সমিতির সহ-সভাপতি মো. সাগর আলী (বধির), সাধারণ সম্পাদক টিটু চৌধুরী (বধির)সহ অন্যান্য অতিথিবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী, শিক্ষক ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. হাবীব আজম বলেন, প্রতিবন্ধী শিশুদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, “বধির শিশুদের জন্য শিক্ষা ও সামাজিক সহায়তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের সবাই এগিয়ে এলে তাদের জীবন আরও সুন্দর ও সম্ভাবনাময় হয়ে উঠবে।”
তিনি আরও বলেন, পবিত্র রমজান মাস সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এই মাসে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে বধির (বাক্-শ্রবণ) ছাত্র-ছাত্রী ও সদস্যদের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সহমর্মিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।