নানিয়ারচরে সেনা জোনের উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার ও আর্থিক সহায়তা
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলার অসহায় ও দরিদ্র মুসলিম পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী, ঈদ পোশাক ও আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে স্থানীয় মানুষের মাঝে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেঙ্গল) এই মানবিক উদ্যোগ গ্রহণ করে।
সোমবার (১৬ মার্চ ২০২৬) জোনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে জোনের দায়িত্বপূর্ণ এলাকার ৪১টি মুসলিম পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী, ঈদ পোশাক এবং আর্থিক অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান এবং জোনের উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম। তাদের উপস্থিতিতে সুবিধাভোগীদের হাতে ঈদ উপহার সামগ্রী ও অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।
জানা যায়, অনুষ্ঠানে জোনের আওতাধীন এলাকার ৩০টি দরিদ্র মুসলিম পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়াও ১০ জন অসহায় ব্যক্তিকে ঈদ পোশাক হিসেবে পাঞ্জাবি দেওয়া হয় এবং একজন অসুস্থ ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য বিশেষ আর্থিক সহায়তা দেওয়া হয়।
এ সময় জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান বলেন, দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষ যাতে আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর উদযাপন করতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, ঈদের সময় স্থানীয় জনগণ যাতে নিরাপদ ও সুষ্ঠুভাবে উৎসব উদযাপন করতে পারেন সেজন্য জোন কর্তৃপক্ষ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে।
এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমে স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। উপহার পেয়ে উপকারভোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দেশের মানুষের কল্যাণে সেনাবাহিনী সবসময় পাশে থাকে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।