খাগড়াছড়িতে ফার্মেসি থেকে ২ লাখ টাকা চুরি: সিসি ক্যামেরার সূত্রে নারীসহ ৩ জন গ্রেপ্তার
![]()
নিউজ ডেস্ক
পাহাড়ি জেলা খাগড়াছড়ির রামগড়ে একটি ফার্মেসি থেকে ২ লাখ ১০ হাজার টাকা চুরির ঘটনায় নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া পুরো টাকাই উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার (২০ মার্চ) বিকেল ৩টার দিকে রামগড় পৌরসভার সোনাইপুল বাজার এলাকায় ‘হক মেডিকেল’ নামের একটি ওষুধের দোকানে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গ্রেপ্তাররা হলেন—রামগড় ইউনিয়নের থানাচন্দ্রপাড়া এলাকার মো. ওমর ফারুক (২৮), লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার আলি আকবর (২৭) এবং তার স্ত্রী বিবি হাজেরা (২৮)।
ঘটনার বিবরণে জানা যায়, জুমার নামাজের পর মো. নুরুন নবী নামের এক ব্যক্তি তার বন্ধুর ফার্মেসিতে টেবিলের ওপর ২ লাখ ১০ হাজার টাকা রেখে আলাপ করছিলেন। এ সময় ওমর ফারুক ও আলি আকবর কাশি সিরাপ কেনার ভান করে দোকানে ঢুকে কৌশলে টাকাগুলো চুরি করে নিয়ে যান।
পরে দোকানের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে চুরির বিষয়টি নিশ্চিত হলে নুরুন নবী থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ফুটেজে শনাক্ত হওয়া তিনজনকে আটক করে।
আটকদের দেওয়া তথ্যমতে, ওমর ফারুকের কাছ থেকে ১ লাখ টাকা, আলি আকবরের কাছ থেকে ৬০ হাজার টাকা এবং বিবি হাজেরার কাছ থেকে ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম জানান, “সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে দ্রুত চোরদের শনাক্ত করে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।