খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধভাবে অকটেন মজুত: ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল (অকটেন) মজুতের দায়ে এক ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জিয়ানগর এলাকায় মো. মনির হোসেনের বসতবাড়িতে অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বাড়ির ভেতরে ড্রামে সংরক্ষিত অবস্থায় প্রায় ২০০ লিটার অকটেন জব্দ করা হয়।
অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা অনুযায়ী মো. মনির হোসেনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুর রহমান জানান, জ্বালানি সংকটের সুযোগ নিয়ে অবৈধ মজুতের অভিযোগের সত্যতা পাওয়ায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাকে সতর্ক করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, জ্বালানি তেলের সংকটকে কেন্দ্র করে যাতে কেউ অসাধু উপায়ে লাভবান হতে না পারে, সে লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।