রাঙামাটিতে মাদকের বিরুদ্ধ পুলিশের সাড়াশি অভিযান, ৩দিনে আটক ৩৬
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি শহরকে মাদকমুক্ত করার লক্ষ্যে জেলা পুলিশ বুধবার এবং বৃহস্পতিবার জোরদার অভিযান চালিয়ে ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শহরের বিভিন্ন এলাকায় পরিচালিত এই অভিযান থেকে ৪০০ পিস ইয়াবা ও নগদ ৪১ হাজার টাকা জব্দ করা হয়েছে।
রাঙামাটি সদর থানায় বৃহস্পতিবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন এ তথ্য জানান।
তিনি বলেন, “পুলিশ সুপারের নির্দেশনায় রাঙামাটি শহরকে মাদকমুক্ত করার জন্য নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এ অভিযানের মাধ্যমে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের ধরার পাশাপাশি মাদক সরবরাহ চক্র ভেঙে দেওয়ার কাজ করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “পার্বত্য মন্ত্রীও শহরের মাদক নির্মূল করতে নির্দেশনা দিয়েছেন। গত তিন দিনে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৩৬ জন মাদকসেবী ও ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আশা করছি, শীঘ্রই তাদের পিছনে থাকা মাদকের ‘গডফাদারদের’কেও আইনের আওতায় আনা সম্ভব হবে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন: বনরুপার ধোপাপাড়া এলাকার সজল দাশ (৩৪), হৃদয় দাশ (২৫), সুমন দাশ (৩৫), কাজল দাশ (২৬), হাসপাতাল এলাকার মো. সাইফুল ইমলাম (৩০), সুখী নিলগঞ্জ এলাকার বৃন্দাবন বড়ুয়া (৩১)।
পুলিশের তথ্য অনুযায়ী, এই গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বে বিভিন্ন মাদক সংক্রান্ত মামলা রয়েছে। সজল দাশের বিরুদ্ধে ২৫টি মামলা, হৃদয় দাশের বিরুদ্ধে ৪টি, সুমন দাশের বিরুদ্ধে ৯টি, কাজল দাশের বিরুদ্ধে ১টি, মো. সাইফুল ইমলামের বিরুদ্ধে ৬টি এবং বৃন্দাবন বড়ুয়ার বিরুদ্ধে ৩টি মামলা আছে।
রাঙামাটি জেলার পুলিশ প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষ মিলে শহরে মাদক নির্মূল অভিযানকে ত্বরান্বিত করছে। স্থানীয়রা এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছেন এবং আশা প্রকাশ করছেন, ভবিষ্যতে শহরটি সম্পূর্ণভাবে মাদকমুক্ত হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।