জনগণের স্বাধীনতা আজ ক্ষমতাসীনদের হাতে বন্দি: হামিদুর রহমান আযাদ
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, “যে স্বাধীনতার জন্য লক্ষ শহীদের রক্ত ঝরেছে, সেই স্বাধীনতার প্রকৃত চেতনা আজ ক্ষমতাসীনদের হাতে বন্দি হয়ে পড়েছে।”
বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুতুবদিয়া উপজেলা জামায়াত আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. হামিদুর রহমান আযাদ বলেন, স্বাধীনতার মূল লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠন। কিন্তু বর্তমান বাস্তবতায় জনগণের সেই প্রত্যাশা পূরণ হয়নি। বরং রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে অন্যায়, অবিচার ও বৈষম্য দিন দিন বাড়ছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, দেশের সর্বত্র অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিভিন্ন পত্রিকার তথ্য তুলে ধরে তিনি দাবি করেন, গত সাত দিনে সড়ক দুর্ঘটনাসহ নানা ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে। তিনি সড়কে নৈরাজ্য বন্ধ করে নিরাপদ যাত্রা নিশ্চিত করার দাবি জানান।
জামায়াতে ইসলামীর এ নেতা বলেন, মহান স্বাধীনতার ৫৫তম দিবসে দেশপ্রেম, মানবিকতা, সততা ও ন্যায়পরায়ণতার চেতনায় ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করতে হবে।
কুতুবদিয়া উপজেলা জামায়াতের আমির আ.স.ম শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল আমিন, ব্যবসায়ী মো. ইসমাইল খান, উপজেলা অফিস সম্পাদক মাওলানা ওসমান, উপজেলা যুব বিভাগের সভাপতি রবিউল হোসাইন, ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ বিন ইবরাহীমসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।