পানছড়িতে প্রতিপক্ষের সশস্ত্র হামলা, প্রাণ গেল ইউপিডিএফ (গণতান্ত্রিক) সংগঠকের

পানছড়িতে প্রতিপক্ষের সশস্ত্র হামলা, প্রাণ গেল ইউপিডিএফ (গণতান্ত্রিক) সংগঠকের

পানছড়িতে প্রতিপক্ষের সশস্ত্র হামলা, প্রাণ গেল ইউপিডিএফ (গণতান্ত্রিক) সংগঠকের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন আঞ্চলিক সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ কর্তৃক সশস্ত্র হামলা চালিয়ে অপর আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক)-এর এক শীর্ষ নেতাকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার (২৭ মার্চ) সকালে উপজেলার সূতকর্মা পাড়া (মানিক্যপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নীতিদত্ত চাকমা (৫৮) ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর পানছড়ি উপজেলা সংগঠক ছিলেন।

পানছড়িতে প্রতিপক্ষের সশস্ত্র হামলা, প্রাণ গেল ইউপিডিএফ (গণতান্ত্রিক) সংগঠকের
ঘটনাস্থলে পাওয়া গুলির খোসা

স্থানীয় ও দায়িত্বশীল সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার মানিক্যপাড়া এলাকার পিয়াজু পয়েন্টে বরকল দিক থেকে আসা ৮-১০ জনের ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের একটি সশস্ত্র দল অতর্কিতভাবে নীতিদত্ত চাকমার ওপর হামলা চালায়। সশস্ত্র গ্রুপটির নেতৃত্বে ছিলেন বিক্রম চাকমা নামের এক গ্রুপ কমান্ডার।

হামলার সময় নীতিদত্ত চাকমাকে লক্ষ্য করে কাছ থেকে বেশ কয়েক রাউন্ড গুলি করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার পরপরই হামলাকারীরা রাবার ড্যাম এলাকার দিকে পালিয়ে যায় বলে জানা গেছে।

গুলিবিদ্ধ অবস্থায় সংগঠনের কর্মী ও স্থানীয়রা দ্রুত নীতিদত্ত চাকমাকে উদ্ধার করে প্রথমে পানছড়ি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে জরুরী বিভাগের চিকিৎসক ডা. জয়া ত্রিপুরা নীতিদত্ত চাকমাকে মৃত ঘোষণা করেন।

পানছড়িতে প্রতিপক্ষের সশস্ত্র হামলা, প্রাণ গেল ইউপিডিএফ (গণতান্ত্রিক) সংগঠকের
সদর হাসপাতালে রাখা আছে নিহত নীতিদত্ত চাকমার মরদেহ

নিহত নীতিদত্ত চাকমার বাড়ি পানছড়ি উপজেলার সূতকর্মা পাড়ায়। তার পিতার নাম বর্ন চাকমা। হামলার সময় তার বুকে ও পিঠে গুলি লাগে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ঘটনাটি পার্বত্য চট্টগ্রামে সক্রিয় বিভিন্ন আঞ্চলিক সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে এ ধরনের সশস্ত্র তৎপরতা ও হামলার ঘটনা আবারও বৃদ্ধি পাওয়ায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে, ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।

ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা চার্মিং তাৎক্ষনিক কোন প্রতিক্রিয়া না জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে জানাবেন বলে নিশ্চিত করেন।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফেরদৌস ওয়াহিদ জানান, মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের হস্তান্তর করা হবে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।