রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৩, আহত ৩
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটি শহরের মানিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি পিকআপ উল্টে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (১৬ আগস্ট) ভোরে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের সাপছড়ি আর্মি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মেঘরানী চাকমা, শান্তনা চাকমা ও শান্তি রঞ্জন চাকমা।
স্থানীয় সূত্রে জানা যায়, রাঙামাটি শহর থেকে পিকআপটি কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। মানিকছড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের ওপর উল্টে যায়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহত ও নিহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শওকত আকবর জানান, দুর্ঘটনার পর মোট ছয়জনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে তিনজনকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে শোভা চাকমা নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাঙামাটি কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন জানান, নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।