দীঘিনালার বোয়ালখালী বাজারে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে রিজিয়ন কমান্ডার
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার ঐতিহ্যবাহী বোয়ালখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।
আজ শুক্রবার (২৭ মার্চ ২০২৬) সকালে তিনি ঘটনাস্থলে গিয়ে আগুনে পুড়ে যাওয়া দোকানপাট ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।
এসময় ক্ষতিগ্রস্তদের দুঃখ-দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।
পরিদর্শনকালে তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

তিনি আরও আশ্বস্ত করেন, পুনর্বাসন কার্যক্রমে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী সক্রিয় ভূমিকা রাখবে।
একই দিনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত। তিনি ক্ষতিগ্রস্তদের সার্বিক সহায়তা প্রদানে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
উল্লেখ্য, শুক্রবার ভোররাতে দীঘিনালার বোয়ালখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বহু দোকান পুড়ে যায় এবং ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হন। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত পুনর্বাসন, ক্ষতিপূরণ ও আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন, যাতে তারা আবারও ব্যবসা শুরু করতে পারেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।