ভারত-মিয়ানমার সীমান্তে গোলাগুলি, আসাম রাইফেলসের সদস্য আহত; অভিযান জোরদার
![]()
নিউজ ডেস্ক
ভারত-মিয়ানমার আন্তর্জাতিক সীমান্তে বর্ডার পিলার ১৭২-এর কাছে আসাম রাইফেলস ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে এক সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনাটি অরুণাচল প্রদেশের চাংলাং জেলায় ঘটে, যা মিয়ানমার সীমান্তবর্তী এলাকা।
গুলিবিনিময়ের সময় আসাম রাইফেলসের এক জওয়ান আহত হন।
এদিকে, সীমান্তবর্তী দুর্গম এলাকায় আসাম রাইফেলস ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গত রাতের সংঘর্ষের পর অরুণাচল প্রদেশের চাংলাং জেলার ভারত-মিয়ানমার সীমান্ত এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী সাঁড়াশি অভিযান জোরদার করেছে।
সূত্র জানিয়েছে, আসাম রাইফেলস, সিআরপিএফ এবং অরুণাচল প্রদেশ পুলিশের যৌথ উদ্যোগে ওই এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছে, যাতে জঙ্গিদের বের করে আনা যায়।
এদিকে, এনএসসিএন/জিপিআরএন (ওয়াইএ) এক বিবৃতিতে দাবি করেছে, “ভারত কর্তৃক আরোপিত কৃত্রিম সীমান্ত বরাবর অবৈধ বেড়া নির্মাণের বিরুদ্ধে নাগা জনগণের ঐক্যবদ্ধ প্রতিবাদের প্রেক্ষিতে নাগা আর্মি ট্যাকটিক্যাল ইউনিট বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে (আইএসটি) নামগোই–পাংসাউ সড়কে ১০ম আসাম রাইফেলসের নির্মাণ টিমের ওপর বড় ধরনের হামলা চালায়, যাতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।”
বিবৃতিতে আরও বলা হয়, “সীমান্তের উভয় পাশে বসবাসরত সব নাগাদের তীব্র প্রতিবাদ সত্ত্বেও ভারত উদাসীন রয়েছে এবং অবৈধ নির্মাণ কাজ অব্যাহত রেখেছে। এটি নাগা জনগণের বিরুদ্ধে ভারতের একটি গুরুতর অপরাধ, যা আন্তর্জাতিক ও মানবিক আইনের মৌলিক নীতির প্রতি অবজ্ঞা প্রদর্শন করে।”
এতে আরও বলা হয়, “ভারত সরকারকে এখন পরিষ্কারভাবে এই বার্তা নিতে হবে যে, এই অবৈধ বেড়া কোনো কাজে আসবে না, বরং নাগাদের আরও ক্ষুব্ধ করবে। নাগারা তাদের মর্যাদা, ভূমি ও স্বাধীনতা রক্ষায় লড়াই চালিয়ে যাবে এবং এই ‘কালো ঔপনিবেশিক প্রকল্প’ যে কোনো মূল্যে প্রত্যাখ্যান করবে। আমরা দখলদার সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে শক্ত বার্তা দেওয়ার জন্য নাগা আর্মির সাহসিকতাকে সালাম জানাই।”
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।