উখিয়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের উখিয়া উপজেলা সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা কিশোর গুরুতর আহত হয়েছে। বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।
রোববার (২৯ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় এ ঘটনা ঘটে।
আহত আব্দুল হাকিম (১৫) উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা মোহাম্মদ ইব্রাহীমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাফ নদী থেকে মাছ ধরে তীরে ওঠার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং কিশোরটি গুরুতর আহত হয়। মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি (এএ) সীমান্ত এলাকায় পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরিত হলে এ দুর্ঘটনা ঘটে।
উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম স্থানীয়দের বরাতে জানান, বিস্ফোরণের পর কিশোরটির ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
এর আগে গত ২৬ মার্চ একই উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া সীমান্তেও স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ শহীদুল ইসলাম (২৫) নামের এক রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন হয়।
সীমান্ত এলাকায় বারবার এ ধরনের স্থলমাইন বিস্ফোরণের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।