বান্দরবান-রাঙামাটি সীমান্তে বিজিবির মানবিক উদ্যোগ: দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা
![]()
নিউজ ডেস্ক
বান্দরবান-রাঙামাটি সীমান্তবর্তী দুর্গম প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মানবিক এই উদ্যোগটি গ্রহণ করে রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সীমান্তঘেঁষা দোপানীছড়া পাড়ায় একটি বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে এলাকার গরিব ও অসহায় নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ অংশগ্রহণ করেন।
বিজিবি সূত্র জানায়, ক্যাম্পেইনে মোট ২৫ জন রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং ওষুধ সরবরাহ করা হয়। পাশাপাশি স্থানীয় শিশুদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়, যা এলাকায় আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
এই মেডিকেল ক্যাম্প পরিচালনায় নেতৃত্ব দেন রুমা ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর তিমির রঞ্জন মহান্ত (এএমসি)। তার তত্ত্বাবধানে চিকিৎসক দল রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করেন।
রুমা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. তাওকীর আহমেদ বলেন, সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলের বাসিন্দারা এখনো পর্যাপ্ত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। তাদের এই বঞ্চনা দূর করতে এবং মানবিক দায়িত্ববোধ থেকে নিয়মিতভাবে এ ধরনের বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, রুমা ব্যাটালিয়ন অতীতেও স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন জনসেবামূলক ও মানবিক উদ্যোগ বাস্তবায়ন করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়রা বিজিবির এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন। তারা বলেন, দুর্গম এলাকায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে বিজিবি সাধারণ মানুষের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।