মানিকছড়িতে পাহাড় খেকোদের দৌরাত্ম্য: প্রশাসনের অভিযানে স্কেভেটর জব্দ
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়িতে দীর্ঘদিন ধরে পাহাড় কেটে সাবাড় করার অভিযোগে স্থানীয় কয়েকটি চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। তবে অভিযানের আগাম খবর পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার যোগ্যছোলা ইউনিয়নের খাদিছড়া এলাকায় উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত অভিযানে পাহাড় কাটার কাজে ব্যবহৃত দুইটি স্কেভেটর জব্দ করা হয়। ঘটনাস্থলে গিয়ে প্রশাসনের কর্মকর্তারা পাহাড় কাটার সুস্পষ্ট প্রমাণ পান।

অভিযানে অংশ নেওয়া সংশ্লিষ্টরা জানান, গত এক বছর ধরে একটি সংঘবদ্ধ চক্র অবৈধভাবে পাহাড় কেটে মাটি বিক্রি করে আসছে। প্রশাসনের অভিযানের খবর আগেভাগে পেয়ে প্রতিবারই তারা সরে পড়ছে, ফলে মূল অভিযুক্তদের আইনের আওতায় আনা কঠিন হয়ে পড়ছে।
অভিযানের নেতৃত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা বলেন, “অভিযানে গিয়ে পাহাড় কাটার সত্যতা পাওয়া গেছে এবং ঘটনাস্থল থেকে দুটি স্কেভেটর জব্দ করা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে পরিবেশ সংরক্ষণ আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পাহাড় কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং ভূমিধসের ঝুঁকি বাড়ছে। তারা দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে পাহাড় কাটার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।