পতেঙ্গার বহিঃনোঙরে যৌথ অভিযানে ৫৫০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৪
![]()
নিউজ ডেস্ক
চট্টগ্রামের পতেঙ্গা উপকূলের বহিঃনোঙর এলাকায় কোস্ট গার্ড ও থানা পুলিশের যৌথ অভিযানে ৫৫০ বস্তা সিমেন্টসহ চারজন পাচারকারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে পতেঙ্গা থানাধীন সীবিচ সংলগ্ন গভীর সমুদ্র বন্দর আলফা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
আটককৃতরা হলেন—জামাল উদ্দিন (৬০), আব্দুল মালেক (৫০), মোঃ জাফর (৪০) এবং মোঃ এনাম (৩২)।
কোস্ট গার্ড ও থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৬টার দিকে বহিঃনোঙর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি কার্গো বোট থেকে একটি ফিশিং বোটে অবৈধভাবে সিমেন্ট স্থানান্তরের সময় হাতেনাতে চারজনকে আটক করা হয়। জব্দ করা সিমেন্টের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা।
এ ঘটনায় জব্দকৃত সিমেন্ট, সংশ্লিষ্ট ফিশিং ও কার্গো বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রসঙ্গত, উপকূলীয় এলাকায় পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে, যা সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।