রাঙামাটিতে মদ্যপ অবস্থায় বৈশাখী-বিজু মেলায় মারামারিতে আহত ২, মদ বিক্রি নিয়ে প্রশ্ন
![]()
নিউজ ডেস্ক
বাংলা নববর্ষ ও বৈসাবি-১৪৩৩ উপলক্ষে আয়োজিত বৈশাখী ও বিজু মেলায় কনসার্ট চলাকালে মারামারির ঘটনা ঘটেছে রাঙামাটিতে। এতে দুই যুবক আহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
জানা যায়, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের যৌথ আয়োজনে চলমান এ মেলায় কনসার্টের সময় নাচানাচির একপর্যায়ে দুই যুবকের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উভয়েই মদ্যপ অবস্থায় ছিলেন। এ সময় একজন পা পিছলে অন্যজনের ওপর পড়ে গেলে তাদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয় এবং তা দ্রুত মারামারিতে রূপ নেয়।
পরবর্তীতে দুই পক্ষের পরিচিত আরও ২৫-৩০ জন এতে জড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষে জড়িতদের এক পক্ষ বনরুপা ট্রাইবাল আদম এলাকা এবং অপর পক্ষ মনোঘর রাঙ্গাপানি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
ঘটনায় আহত সুনাম চাকমা (পিতা: কাঞ্চনমণি চাকমা, রাঙ্গাপানি ৬নং ওয়ার্ড) এবং হৃদয় চাকমা (পিতা: চিত্তরঞ্জন চাকমা, উলুছড়া ৬নং ওয়ার্ড ভেদভেদী) রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, মেলার স্থলে দোতলায় ৮ থেকে ১০টি স্টলে প্রকাশ্যে মদ বিক্রি হওয়ায় সহজেই মদ সংগ্রহ করতে পারছেন যুবকেরা। এর ফলে মদ্যপ অবস্থায় এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, সংশ্লিষ্টরা মনে করছেন—মেলার ভেতরে অবাধে মদ বিক্রি বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।