দীঘিনালায় ভয়াবহ অগ্নিকাণ্ড: সেনাবাহিনী-বিজিবির যৌথ তৎপরতায় আগুন নিয়ন্ত্রণ, পুড়েছে ৯ দোকান
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার পাবলাখালী ইউনিয়নের শান্তিপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে গেছে। শনিবার (১১ এপ্রিল ২০২৬) রাত ১২টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর যৌথ তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি মুদির দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের দোকানগুলো দাউ দাউ করে জ্বলতে থাকে এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাশাপাশি নিকটস্থ সেনাবাহিনীর সদস্য ও ৭ বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করেন। তাদের দ্রুত ও সমন্বিত পদক্ষেপের ফলে আগুন বড় ধরনের দুর্ঘটনায় রূপ নেওয়ার আগেই নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে মোট ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, এতে প্রায় ১৭ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মচারি পঙ্কজ বড়ুয়া জানান, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও আগুনের তীব্রতার কারণে ক্ষয়ক্ষতি পুরোপুরি রোধ করা যায়নি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জ্ঞান চাকমা বলেন, পাহাড়িদের অন্যতম প্রধান সামাজিক উৎসব বৈসাবির মাত্র দুইদিন আগে এ অগ্নিকাণ্ড ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। তারা এখন দিশেহারা অবস্থায় রয়েছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।
সংশ্লিষ্টরা বলছেন, সেনাবাহিনী ও বিজিবির তাৎক্ষণিক উপস্থিতি না থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারত।
প্রসঙ্গত, দুর্গম পাহাড়ি এলাকায় এ ধরনের জরুরি পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত সমন্বিত পদক্ষেপ স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।