কুর্মিটোলায় জমকালো আয়োজনে রানার প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্টের সমাপ্তি
![]()
নিউজ ডেস্ক
চার দিনব্যাপী ‘৯ম রানার প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
পুরস্কার বিতরণ শেষে সেনাবাহিনী প্রধান তার বক্তব্যে বলেন, এ ধরনের প্রতিযোগিতা দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

টুর্নামেন্টে দেশি-বিদেশি মিলিয়ে মোট ৮১৫ জন গলফার অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় জাদিদ একরাম ইখওয়ান চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। রানারআপ হন মোঃ সাকিব রহমান এবং লেডিস বিভাগে বিজয়ী হন মিয়ংহি কিম।
অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের পাশাপাশি কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, স্পন্সর প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও কর্মকর্তারা, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, প্রতিবছর আয়োজিত এই গলফ টুর্নামেন্ট দেশের ক্রীড়াঙ্গনে একটি মর্যাদাপূর্ণ আসর হিসেবে পরিচিতি লাভ করেছে এবং গলফ খেলাকে জনপ্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।