টেকনাফে পুলিশের অভিযানে মানবপাচার চক্রের ৩ সদস্য আটক
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, শাহপরীরদ্বীপ কোনা পাড়া এলাকার ইসমাইল, দক্ষিণ পাড়ার ফারুক এবং সাবরাং মুন্ডাল ডেইল এলাকার ইব্রাহিম। গত ১৯ এপ্রিল গভীর রাতে শাহপরীরদ্বীপ ও সাবরাং এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সোমবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ৯ এপ্রিল আন্দামান দ্বীপপুঞ্জের কাছে সাগরে ট্রলারডুবির ঘটনায় রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের নিখোঁজ হওয়ার পর স্বজনদের তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের সূত্র ধরে জড়িতদের শনাক্তে কাজ শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় রবিবার রাতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা বিভিন্নভাবে মানবপাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান ওসি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।
এদিকে সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, শাহপরীরদ্বীপ, সাবরাং, টেকনাফ সদর ও বাহারছড়া ইউনিয়নে সক্রিয় বড় মানবপাচার চক্রের মূল হোতাদের আইনের আওতায় আনা না গেলে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাত্রার সময় ট্রলারডুবির মতো মর্মান্তিক ঘটনা পুনরাবৃত্তি ঘটতে পারে।
উল্লেখ্য, গত ৯ এপ্রিল প্রায় ২৫০ জন যাত্রী নিয়ে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হওয়া একটি ট্রলার আন্দামান দ্বীপপুঞ্জের কাছে ডুবে যায়। এতে বহু যাত্রী নিখোঁজ হন। পরে একটি বাংলাদেশি জাহাজ ভাসমান অবস্থায় নারীসহ ৯ জনকে উদ্ধার করে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় পাচারকারী সন্দেহে ৬ জন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।