রান্নাঘরের আগুনে জুরাছড়িতে বসতঘর পুড়ে ছাই, সেনাবাহিনীর তৎপরতায় বড় বিপর্যয় থেকে রক্ষা
![]()
নিউজ ডেস্ক
রাঙ্গামাটি পার্বত্য জেলার জুরাছড়ি উপজেলায় রান্নাঘরের চুলার আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
আজ বুধবার (২২ এপ্রিল) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে নবনির্মিত উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ১নং জুরাছড়ি ইউনিয়নের বাসিন্দা সনজিদা চাকমার টিনশেড বসতঘরের ভেতরে রান্নার সময় মাটির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পুরো ঘরটি আগুনে পুড়ে যায় এবং বসতভিটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে যক্ষা বাজার আর্মি ক্যাম্প থেকে মেজর আশিফুল ইসলাম খান-এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

এসময় পুলিশ, আনসার সদস্য এবং স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে আশপাশের বসতঘরে আগুন ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।
অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার মধ্যে ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পরপরই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার ও কম্বলসহ জরুরি সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতেও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
প্রসঙ্গত, দ্রুত সময়ে সেনাবাহিনী ও স্থানীয়দের সমন্বিত তৎপরতায় বড় ধরনের অগ্নিকাণ্ডের বিস্তার রোধ করা সম্ভব হয়েছে বলে স্থানীয়রা মনে করছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।