নাইক্ষ্যংছড়িতে রাবার বাগান থেকে তিন শ্রমিক অপহরণ, উদ্ধারে যৌথ অভিযান
![]()
নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে একটি রাবার বাগান থেকে তিন শ্রমিককে অপহরণের ঘটনা ঘটেছে।
বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে আলীক্ষ্যং মৌজার মুসতইল্লা পাহাড় এলাকায় অবস্থিত আবীর রাবার বাগানের স্টাফ কোয়ার্টার থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃত তিনজনই রোহিঙ্গা নাগরিক বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও বাগান কর্তৃপক্ষ জানায়, রাতের আঁধারে ১২ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল মুখোশ পরে স্টাফ কোয়ার্টারের দরজায় এসে দরজা খুলতে বলে। ভেতরে থাকা শ্রমিকরা দরজা খুলতেই অস্ত্রের মুখে তাদের জিম্মি করা হয়। সে সময় কোয়ার্টারে নারী-পুরুষসহ মোট ১৩ জন অবস্থান করছিলেন। সেখান থেকে তিনজন তরুণ শ্রমিককে জোরপূর্বক তুলে নিয়ে যায় অপহরণকারীরা।
অপহৃতরা হলেন টেকনাফ উপজেলার শফিউল্লাহ কাটার বাসিন্দা মো. ছিদ্দিকের ছেলে নুরুল ইসলাম (২০), আনোয়ারের ছেলে এনামুল হক (২০) এবং খুইল্যা মিয়ার ছেলে হাসান (২০)। তারা সবাই রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন বলে জানা গেছে।
ঘটনার সময় উপস্থিত বাগানের টেপার নুরুল ইসলাম জানান, গভীর রাতে দরজায় শব্দ পেয়ে তারা জেগে ওঠেন। দরজা খুলতেই মুখোশধারী সশস্ত্র লোকজন ভেতরে ঢুকে পড়ে এবং অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে তিনজনকে তুলে নিয়ে যায়। পরিস্থিতির কারণে কেউ প্রতিরোধ করতে পারেননি।
এ সময় দুর্বৃত্তরা স্টাফ কোয়ার্টার থেকে পাঁচটি মোবাইল ফোন, দুটি দা এবং তিনটি টর্চলাইট নিয়ে যায় বলেও জানা গেছে।
রাবার রাবার বাগানের মালিক ও বাইশারী বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি আবদুল করিম বান্টু জানান, শ্রমিকদের কাছ থেকে ফোন পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বলেন, অপহৃত তিন শ্রমিককে উদ্ধারে পুলিশ ও বিজিবির যৌথ অভিযান চলছে। তিনি জানান, ওই এলাকায় আফসার গ্রুপ ও সরোয়ার গ্রুপসহ একাধিক সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর সক্রিয়তা রয়েছে, যাদের মধ্যে কোনো একটি গ্রুপ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ভুক্তভোগীদের উদ্ধারের পর বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, এর আগে একই এলাকায় তামাক চাষিদের অপহরণের ঘটনা ঘটেছিল এবং পরে মুক্তিপণের বিনিময়ে তাদের ছেড়ে দেওয়া হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। এই ধারাবাহিক ঘটনায় সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।