দুর্গম লংগদুতে সেনাবাহিনীর মানবিক সহায়তা: অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ
![]()
নিউজ ডেস্ক
রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর ধারাবাহিক মানবিক কার্যক্রমের অংশ হিসেবে অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (২২ এপ্রিল ২০২৬) সকালে লংগদু জোন সদরে আয়োজিত “সম্প্রীতি ও উন্নয়ন” শীর্ষক এক অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে লংগদু জোন অধিনায়ক লেঃ কর্নেল মীর মোর্শেদের পক্ষ থেকে মেজর শাহরিয়ার ও মেজর শাহীন উপস্থিত থেকে ৫টি দরিদ্র পরিবারের মাঝে ঘর নির্মাণের জন্য ঢেউটিন তুলে দেন।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সেনা কর্মকর্তারা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সবসময় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে পাহাড়ি ও বাঙ্গালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি বজায় রাখা এবং পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নই তাদের অন্যতম লক্ষ্য।
তারা আরও জানান, সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং আর্থ-সামাজিক উন্নয়নে সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এদিকে সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুবিধাভোগী পরিবারগুলো। তারা জানান, দুর্গম পাহাড়ি জীবনে সেনাবাহিনী শুধু নিরাপত্তা প্রদানেই সীমাবদ্ধ নয়, বরং অভিভাবকের মতো পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহায়তা করছে।
প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা ও অবকাঠামোগত উন্নয়নে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের লংগদু জোন দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, যা স্থানীয়ভাবে ইতিবাচক প্রভাব ফেলছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।