জাতীয় রাজনীতিতে যুক্ত হওয়ায় চাপের মুখে পড়ার অভিযোগ ছাত্রদল নেত্রী সায়রা চন্দ্রা চাকমার
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং পার্বত্য অঞ্চলের উদীয়মান নারী নেত্রী সায়রা চন্দ্রা চাকমা বলেছেন, জাতীয় রাজনীতিতে যুক্ত হওয়ার পর নিজেরই জাতিগোষ্ঠীর কিছু অংশ ও আঞ্চলিক রাজনৈতিক মহল থেকে তিনি বিভিন্ন ধরনের চাপের মুখে পড়েছেন।
সম্প্রতি একটি জনপ্রিয় ইউটিউব পডকাস্টে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। সায়রা চন্দ্রা চাকমা বলেন, জাতীয় রাজনীতিতে সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই বিশেষ করে আঞ্চলিক রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট কিছু পক্ষের কাছ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে চাপ ও সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাকে। তিনি দাবি করেন, এ কারণে তিনি মানসিকভাবে কিছুটা চাপের মধ্যেই থাকেন।
তিনি আরও বলেন, ছাত্র রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে যাওয়ার চিন্তা শুরু করার পর থেকেই নিজের জাতিগোষ্ঠীর কিছু রাজনৈতিকভাবে সক্রিয় ব্যক্তি তার ওপর চাপ সৃষ্টি করতে শুরু করেন। তবে তিনি মনে করেন, জাতীয় রাজনীতিতে তার অবস্থান দলীয় পরিচয়ের ভিত্তিতে এবং সেখানে তিনি সকলকে সমানভাবে দেখেন—হোক তা পাহাড়ি বা বাঙালি।
পডকাস্টে তিনি আরও বলেন, তিনি একটি অন্তর্ভুক্তিমূলক ও সমন্বিত বাংলাদেশের স্বপ্ন দেখেন, যেখানে সকল জাতিগোষ্ঠীর মানুষ একসঙ্গে বসবাস করবে। তিনি এটিকে “রেইনবো ন্যাশন” হিসেবে অভিহিত করেন।
তিনি দাবি করেন, বাংলাদেশে শুধু বাঙালি নয়, আরও প্রায় ৫০টিরও বেশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ বসবাস করে এবং তাদের নিয়েই একটি শান্তিপূর্ণ ও সুন্দর রাষ্ট্র গঠনের স্বপ্ন থাকা উচিত।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।