জাতিসংঘের ফোরামে ‘বিভ্রান্তিকর তথ্য’ উপস্থাপনের অভিযোগে ঢাকায় পিসিসিপির বিক্ষোভ
![]()
নিউজ ডেস্ক
জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের ২৫তম অধিবেশনে পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি নিয়ে ‘বিভ্রান্তিমূলক ও অসত্য’ তথ্য উপস্থাপনের অভিযোগে প্রতিবাদ জানিয়ে ঢাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) ঢাকা মহানগর শাখা।
শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে পিসিসিপি ঢাকা মহানগর শাখার সভাপতি মো. রাসেল মাহমুদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সিনিয়র সহ-সভাপতি মো. মিজান উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে পিসিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও স্থায়ী কমিটির সদস্য শেখ আহমেদ রাজু বলেন, আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘের স্থায়ী ফোরামের অধিবেশনকে ঘিরে দেওয়া বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম, সরকার ও নিরাপত্তা বাহিনী সম্পর্কে একপাক্ষিক ও বাস্তবতাবিবর্জিত চিত্র তুলে ধরা হয়েছে। তিনি দাবি করেন, এসব বক্তব্য দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে এবং আন্তর্জাতিক মহলে ভুল ধারণা সৃষ্টি করতে পারে।
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য নতুন নয়। সরেজমিনে বাস্তবতা পর্যালোচনার আহ্বানও জানান তিনি।
সভায় পিসিসিপি ঢাকা মহানগর শাখার সভাপতি মো. রাসেল মাহমুদ অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রামের কিছু রাজনৈতিক প্রতিনিধি বিদেশে অবস্থান করে বাস্তবতা যাচাই ছাড়া পাহাড়ের পরিস্থিতি নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছেন। তিনি বলেন, এতে করে আন্তর্জাতিক পর্যায়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং দেশের উন্নয়ন কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থাকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পিসিসিপির কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ হোসেন কায়েশ। তিনি বলেন, জাতিসংঘের মতো গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে দেশের বিরুদ্ধে বিভ্রান্তিকর বক্তব্য প্রদানকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত। পাশাপাশি তিনি দাবি করেন, সংবিধান, শান্তি চুক্তি ও প্রচলিত আইনের আলোকে পার্বত্য চট্টগ্রামের অবাঙালি জনগোষ্ঠীকে ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’ হিসেবে স্বীকৃতি দেওয়া রয়েছে।
অন্যান্য বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠার জন্য আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর হাতে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার জরুরি। একই সঙ্গে ভূমি কমিশনে সব পক্ষের প্রতিনিধিত্ব নিশ্চিত করে বৈষম্যহীনভাবে পুনর্গঠন এবং ভূমি জরিপ সম্পন্ন করার দাবি জানান তারা।
সমাবেশে বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম একটি সংবেদনশীল অঞ্চল হওয়ায় এ বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে একপাক্ষিক তথ্য উপস্থাপন দীর্ঘমেয়াদে শান্তি ও স্থিতিশীলতার জন্য ক্ষতিকর হতে পারে। তাই তথ্যনির্ভর ও দায়িত্বশীল উপস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য চট্টগ্রাম, রাষ্ট্র ও সরকারকে ঘিরে যেকোনো ‘চক্রান্ত ও মিথ্যাচার’-এর বিরুদ্ধে তাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
সমাবেশে পার্বত্য নিউজের সম্পাদক মেহেদী হাসান পলাশ, পিসিসিপির প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জি. সাহাদাৎ ফারাজী সাকিব, স্টুডেন্ট ফর সভারেন্টির আহ্বায়ক জিয়াউল হক, সাবেক সভাপতি ইব্রাহিম খলিল অপি, সিনিয়র সহ-সভাপতি আল আমিন, দপ্তর সম্পাদক নজরুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন বক্তব্য ও পাল্টা প্রতিক্রিয়া ঘিরে সাম্প্রতিক সময়ে নতুন করে বিতর্ক ও আলোচনার সৃষ্টি হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।