কুষ্টিয়া-মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৩৭ লাখ টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ
![]()
নিউজ ডেস্ক
কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩৭ লাখ ৪০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)। রবিবার দিনব্যাপী পরিচালিত এসব অভিযানে ইয়াবা, মদ, গাঁজা এবং নেশাজাতীয় ওষুধ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সদর থেকে একটি বিশেষ টহল দল মিরপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক সিজার মূল্য প্রায় ২৯ লাখ ৯১ হাজার টাকা।
এর আগে একই দিন ভোরে কাজীপুর বিওপির একটি দল কাজীপুর বর্ডার পাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ, ৯০০ পিস ডেক্সামেথাসন এবং ৬০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট জব্দ করে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা।
এছাড়া প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ গরুরা মাঠ এলাকা থেকে প্রায় ২ লাখ ৫৫ হাজার ২০০ টাকা মূল্যের ৪ হাজার ৬৪০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি এবং জামালপুর বিওপির ধর্মদাহ মাঠ এলাকা থেকে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক জানান, জব্দকৃত এসব চোরাচালান পণ্যের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৩৭ লাখ ৪০ হাজার ২০০ টাকা। তিনি বলেন, “সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং জাতীয় নিরাপত্তা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি বিজিবি তাদের গোয়েন্দা নজরদারিও আরও বাড়িয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।