রাঙামাটির লংগদুতে মৃত বন্যহাতির অঙ্গ চুরি, তদন্তে নেমেছে বন বিভাগ
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটির লংগদু উপজেলায় একটি বয়স্ক পুরুষ বন্যহাতির মৃত্যুর পর তার দেহ থেকে শুঁড় ও একটি পেছনের পা কেটে নেওয়ার ঘটনা ঘটেছে। ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার আগেই রাতের অন্ধকারে দুর্বৃত্তরা এই অঙ্গগুলো চুরি করে নিয়ে যায়, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।
শনিবার সকালে এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা বন বিভাগকে হাতিটির মৃত্যুর বিষয়টি অবহিত করেন। বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাতিটি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিল। এর আগে ২০২৪ সালেও অসুস্থ হয়ে পড়লে বন বিভাগ এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়-এর চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছিল। চলতি বছরেও তাকে দুই দফা চিকিৎসা দেওয়া হয়েছিল। এটি ওই এলাকার সবচেয়ে বড় ও বয়স্ক হাতিগুলোর একটি ছিল।
হাতিটির মৃত্যুর পর একটি আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। টানা প্রায় দুই দিন ধরে একটি স্ত্রী হাতি মৃতদেহটির পাশে অবস্থান করে সেটিকে আগলে রাখে। এ সময় অনেক উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করে এবং হাতিটিকে উত্তেজিত করার চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে।
বন বিভাগের পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, শনিবার রাতে স্ত্রী হাতিটি এলাকা ত্যাগ করার পর মৃতদেহটি একা পড়ে থাকে। সেই সুযোগে গভীর রাতে দুর্বৃত্তরা হাতিটির শুঁড় ও একটি পেছনের পা কেটে নিয়ে যায়। সকালে দায়িত্বপ্রাপ্ত প্রহরী ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখতে পান।
তিনি বলেন, “একজন প্রহরীর পক্ষে বিপুল সংখ্যক মানুষের ভিড় সামলানো সম্ভব নয়। নিরাপত্তাজনিত কারণে রাতে প্রহরী সরে গেলে দুর্বৃত্তরা সুযোগ নেয়। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
এদিকে, দুর্গম যোগাযোগ ব্যবস্থা ও বৈরী আবহাওয়ার কারণে এখনো হাতিটির ময়নাতদন্ত করা সম্ভব হয়নি। বন বিভাগ জানিয়েছে, চিকিৎসক দল ঘটনাস্থলে পৌঁছানোর পর ময়নাতদন্ত সম্পন্ন করা হবে এবং মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করা হবে। এরপর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মৃতদেহটি মাটিচাপা দেওয়া হবে।
স্থানীয়রা এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে আরও কঠোর নজরদারি জোরদারেরও আহ্বান জানিয়েছেন তারা।
প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি হয়ে উঠেছে, বিশেষজ্ঞদের মতে এ ধরনের অপরাধ রোধে সমন্বিত উদ্যোগ জরুরি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।