পাহাড়-নদীকেন্দ্রিক পর্যটনে নতুন কর্মসংস্থানের পরিকল্পনা রয়েছে সরকারের: সাচিংপ্রু জেরী

পাহাড়-নদীকেন্দ্রিক পর্যটনে নতুন কর্মসংস্থানের পরিকল্পনা রয়েছে সরকারের: সাচিংপ্রু জেরী

পাহাড়-নদীকেন্দ্রিক পর্যটনে নতুন কর্মসংস্থানের পরিকল্পনা রয়েছে সরকারের: সাচিংপ্রু জেরী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরী বলেছেন, পাহাড়-নদীকেন্দ্রিক সংস্কৃতি ও ঐতিহ্যকে সামনে রেখে পার্বত্য অঞ্চলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে সরকার সুপরিকল্পিত নানা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (৭ মে) বান্দরবানের থানচি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে হেডম্যান, কারবারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল।

সাচিংপ্রু জেরী বলেন, পাহাড়ি অঞ্চলে বিশুদ্ধ পানীয় জলের সংকট নিরসন, পরিবেশবান্ধব ইকো-ট্যুরিজমের বিকাশ, অবৈধ পাথর ও বালু উত্তোলন বন্ধ, ব্যাপক বৃক্ষরোপণ এবং খাল-নদীর তীরবর্তী জুম চাষের প্রচলিত পদ্ধতিতে পরিবর্তন আনার মাধ্যমে পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাহাড়ের প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগ সফল করতে জনগণ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, হেডম্যান, কারবারিসহ সমাজের সব শ্রেণির মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সাংগু নদীতে ইলেকট্রিক শর্ট ও বিস্ফোরক ব্যবহার করে মাছ শিকার বন্ধ করতে হবে। জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত পোনা অবমুক্তকরণ, দেশীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধি এবং প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র সংরক্ষণে স্থানীয় জনগণকে সচেতন ভূমিকা রাখতে হবে।

পর্যটন সম্ভাবনাময় পার্বত্য অঞ্চলে পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার কথা জানিয়ে এমপি সাচিংপ্রু জেরী বলেন, নৌভ্রমণ, প্রকৃতি-নির্ভর পর্যটন এবং পাহাড়-নদীকেন্দ্রিক সংস্কৃতিকে তুলে ধরে কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন করা হবে। স্থানীয় যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে গাইড, হোমস্টে ব্যবস্থাপক ও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও সরকারের রয়েছে।

তিনি বলেন, সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন হলে প্রান্তিক জনগোষ্ঠী সরাসরি উপকৃত হবে। ন্যায্যমূল্যে খাদ্য সহায়তা, কৃষি উপকরণ ও ভর্তুকি সুবিধা নিশ্চিত করার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।

দুই দিনের সফরে বান্দরবানে এসে এমপি সাচিংপ্রু জেরী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অর্থায়নে ১ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ওয়াক চাক্কু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনেরও উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাশৈপ্রু চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা খালেকুর জামান সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রহমান, জেলা পরিষদ সদস্য খামলাই ম্রো, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কানন সরকার, এলজিইডি প্রকৌশলী মো. আবু হানিফ, মৎস্য চাষী প্রতিনিধি আবুল হাসেমসহ স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি, গণমাধ্যমকর্মী ও বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *