লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে গরু চুরির চেষ্টা বিএসএফের, গ্রামবাসীর ধাওয়া

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে গরু চুরির চেষ্টা বিএসএফের, গ্রামবাসীর ধাওয়া

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে গরু চুরির চেষ্টা বিএসএফের, গ্রামবাসীর ধাওয়া
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে বাংলাদেশি মালিকানাধীন গরু ধরে নিয়ে যাওয়ার চেষ্টাকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও স্থানীয় গ্রামবাসীদের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি সীমান্তের ৮৭৩ ও ৮৭৪ নম্বর মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে। পরবর্তীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দ্রুত ঘটনাস্থলে অবস্থান নিলে বিএসএফ পিছু হটতে বাধ্য হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে জোংড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ধবলগুড়ি সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৮৭৩ সংলগ্ন এলাকায় কিছু গরু ঘাস খাচ্ছিল। এ সময় বিএসএফের কয়েকজন সদস্য সেখানে উপস্থিত হয়ে ঘাস কাটতে থাকা দুই নারীকে বাধা দেয় এবং গালিগালাজ শুরু করে। একপর্যায়ে তারা জোরপূর্বক গরুগুলোর দড়ি কেটে ভারতের অভ্যন্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ওই নারীদের চিৎকারে গরুর মালিকসহ স্থানীয় এলাকাবাসী ছুটে এসে বাধা দেন।

বাংলাদেশি জনগণের প্রতিরোধের মুখে বিএসএফ সদস্য এবং ভারতীয় নাগরিকরা লাঠিসোঁটা নিয়ে জিরো পয়েন্টে অবস্থান নেয়। বিএসএফ সদস্যরা অস্ত্র উঁচিয়ে বাংলাদেশিদের দিকে তেড়ে আসার চেষ্টা করলে সীমান্তে দুই দেশের মানুষের মধ্যে মুখোমুখি অবস্থান তৈরি হয়। খবর পেয়ে ধবলগুড়ি ক্যাম্পের বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের শান্ত করেন এবং নিরাপত্তার দায়িত্ব নেন। বিজিবির অনড় অবস্থানের মুখে শেষ পর্যন্ত বিএসএফ ও ভারতীয় নাগরিকরা ভারতের অভ্যন্তরে ফিরে যায়।

গরুর মালিক সিরাজুল ইসলাম জানান, তার গরুগুলো সীমান্তে ঘাস খাওয়ার সময় বিএসএফ হঠাৎ করে তা নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মহিলাদের চিৎকারে সীমান্ত এলাকার কয়েকশ মানুষ লাঠিসোঁটা নিয়ে জড়ো হয়ে তাদের বাধা দেয়।

জোংড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, বাংলাদেশি গরু ধরে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বিএসএফের সঙ্গে স্থানীয়দের এই বাকবিতণ্ডার সৃষ্টি হয়। বিজিবি সময়মতো পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত থাকলেও স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, খবর পাওয়ার পরপরই সীমান্তে পুলিশ মোতায়েন করা হয়। বিষয়টি মূলত বিজিবি তদারকি করছে এবং তাদের তৎপরতায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ ঘটনায় ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফজলে মুনিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এ বিষয়ে বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *