বান্দরবানে পিসিপির ২২তম জেলা সম্মেলন অনুষ্ঠিত, শান্তিচুক্তি বাস্তবায়নের দাবি
![]()
নিউজ ডেস্ক
সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সমর্থিত পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি), বান্দরবান জেলার ২২তম বার্ষিক শাখা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ মে) সকালে বান্দরবান শহরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সাধারণ সম্পাদক উইন মং জলি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সম্পাদিত পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি এখনও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হয়নি। ফলে জুম্ম জনগোষ্ঠী তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে শান্তিচুক্তির দ্রুত ও পূর্ণ বাস্তবায়ন অত্যন্ত জরুরি। একইসঙ্গে সম্মেলনে উপস্থিত অন্যান্য বক্তারাও শান্তি, স্থিতিশীলতা এবং অধিকার প্রতিষ্ঠার স্বার্থে চুক্তির বাস্তবায়ন ত্বরান্বিত করার আহ্বান জানান।
সম্মেলনে পিসিপির কেন্দ্রীয় সহ-সভাপতি জগদীশ চাকমা, হিল উইমেন্স ফেডারেশন-এর সভাপতি উলিসিং মারমা, বান্দরবান মহিলা সমিতির সহ-সভাপতি রেমএংময় বমসহ জেলার বিভিন্ন এলাকা থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেষে সম্মেলনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, বান্দরবান জেলা কমিটির নতুন কমিটি গঠন করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।