ভারতে বিয়ের দাওয়াত দিতে গিয়ে আটক সেই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
![]()
নিউজ ডেস্ক
ভারতে আত্মীয়কে বিয়ের দাওয়াত দিতে গিয়ে অনুপ্রবেশের দায়ে আটক বাংলাদেশিকে একদিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (১৬ মে) বিকেলে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের পর আটক ওই ব্যক্তিকে ফেরত দেয়া হয়।
দেশে ফেরা আতাউস সামাদ আতু (৪৪) দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খলিলপুর সরদারপাড়া গ্রামের মৃত সাদিকুল ইসলামের ছেলে।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, আতাউস সামাদ আতু নামে ওই ব্যক্তি শুক্রবার রাতে হিলি সীমান্তের হাড়িপুকুর এলাকা দিয়ে বাংলাদেশ পেরিয়ে ভারতে থাকা তার বোনের বাড়িতে বিয়ের দাওয়াত দিতে যান। এ সময় কেউ হয়তোবা বাংলাদেশি নাগরিক অনুপ্রবেশ করেছে মর্মে বিএসএফকে অবগত করে।
পরে বিএসএফ সদস্যরা অনুপ্রবেশের দায়ে তাকে ভারতে থাকা তার আত্মীয়ের বাড়ি থেকে আটক করে। পরবর্তীতে বিএসএফ সদস্যরা বাংলাদেশি নাগরিকের ভারতে অনুপ্রবেশের ঘটনাটি বিজিবিকে অবগত করে।
এ নিয়ে বিকেল ৫টার দিকে সীমান্তে বিজিবি ও বিএসএফের কোম্পানির কমান্ডার পর্যায়ে বৈঠক হয়। বৈঠক শেষে আটক বাংলাদেশি নাগরিক আতাউস সামাদকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
পরবর্তীতে সন্ধ্যার দিকে বিজিবি সদস্যরা তাকে পুলিশের কাছে সোপর্দ করে।
এ বিষয়ে হকিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, আতাউস সামাদ ভারতে থাকা আত্মীয়কে বিয়ের দাওয়াত দিতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়। পরবর্তীতে তাকে বিজিবির কাছে পুশব্যাক করে বিএসএফ। সেই ব্যক্তিকে সন্ধ্যার দিকে থানায় হস্তান্তর করে বিজিবি। পরবর্তীতে তাকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।