থানচিতে ত্রিপুরা শিশু ধর্ষণের প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ: দ্রুত বিচারের দাবি
![]()
নিউজ ডেস্ক
বান্দরবানের থানচিতে ৫ বছর বয়সী ত্রিপুরা সম্প্রদায়ের এক শিশুকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) বিকেলে পাহাড়ী ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বিকেলে শহরের স্থানীয় রাজার মাঠে জেলার বিভিন্ন এলাকা থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী-পুরুষ, শিক্ষার্থী ও সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বান্দরবান প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা থানচিতে সংঘটিত শিশুধর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, পার্বত্য অঞ্চলে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি হয়ে পড়েছে। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির দ্রুত বিচার নিশ্চিত করে সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, শিশু ও নারীর প্রতি সহিংসতার ঘটনায় দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা না হলে এ ধরনের অপরাধ সমাজে আরও বৃদ্ধি পাবে। পাহাড়ের মা-বোন ও শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে জেলার বিভিন্ন এলাকা থেকে অর্ধশতাধিক পাহাড়ি নারী-পুরুষ ও শিক্ষার্থী অংশ নেন। কর্মসূচি চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
উল্লেখ্য, গতকাল ২৪ মে থানচি উপজেলার নতুনপাড়া এলাকায় ৫ বছর বয়সী এক ত্রিপুরা শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পর স্থানীয় জনতার সহায়তায় অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।