ঈদের আনন্দ ভাগাভাগি: রাঙামাটিতে ২৫০ অসহায় পরিবারের পাশে দাঁড়াল পিসিসিপি
![]()
নিউজ ডেস্ক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পার্বত্য জেলা রাঙামাটিতে গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।
সংগঠনটির রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে সোমবার (২৫ মে) দুপুরে রাঙ্গামাটি শহরের কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ২৫০টি পাহাড়ি ও বাঙ্গালি পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়।
ঈদকে সামনে রেখে আয়োজিত এই মানবিক কর্মসূচিতে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এগিয়ে আসে সংগঠনটির নেতাকর্মীরা। অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন অতিথিবৃন্দ ও সংগঠনের নেতারা। ঈদ উপহার পেয়ে অসহায় পরিবারগুলোর মধ্যে আনন্দের আবহ তৈরি হয়।

সংগঠনটির রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম তাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলিম উল্লাহ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, পিসিসিপি রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশারফসহ জেলা, উপজেলা, পৌর ও কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, মানবতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। কোরবানি কেবল পশু জবাইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং মানুষের ভেতরের অহংকার, লোভ ও হিংসাকে বিসর্জন দেওয়ারও শিক্ষা দেয়। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদের উচিত ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ দীর্ঘদিন ধরে পাহাড়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষের অধিকার আদায়ের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পাহাড়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও বৈষম্যের বিরুদ্ধে যেমন সংগঠনটি সোচ্চার, তেমনি দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানোও তাদের নৈতিক দায়িত্বের অংশ।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের নিজ নিজ অবস্থান থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তারা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।