৮০০ টাকার পাওনা নিয়ে কক্সবাজারে হত্যাকাণ্ড, আটক ৩
![]()
নিউজ ডেস্ক
মাত্র ৮০০ টাকার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ছুরিকাঘাতে আব্দুল হামিদ নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শামীমসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জুন) বেলা ১১টার দিকে ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের দক্ষিণ লরাবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হামিদের কাছে স্থানীয় বাসিন্দা শামীমের ৮০০ টাকা পাওনা ছিল। দীর্ঘদিন ধরে একাধিকবার টাকা ফেরত চাইলেও তা পরিশোধ করা হয়নি। মঙ্গলবার সকালে পাওনা টাকা চাইতে গেলে হামিদের সঙ্গে শামীমের পরিবারের সদস্যদের কথা কাটাকাটি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে শামীমের বোন আব্দুল হামিদকে চড় মারেন। এ সময় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে শামীম ঘর থেকে বের হয়ে ধারালো অস্ত্র দিয়ে হামিদের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় পাশ্ববর্তী রেললাইন এলাকা থেকে প্রধান অভিযুক্ত শামীমকে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের জন্য তার মা ও বোনকেও আটক করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।