বান্দরবানে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে মতবিনিময় সভা

বান্দরবানে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে মতবিনিময় সভা

বান্দরবানে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে মতবিনিময় সভা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণ এবং তাদের জন্য আরও অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) সকালে বান্দরবান সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজনে এবং অনন্যা কল্যাণ সংগঠনের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক সানিউল ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামণি, জেলা ক্রীড়া কর্মকর্তা রেজাউল করিম এবং অনন্যা কল্যাণ সংগঠনের নির্বাহী পরিচালক ডনাই প্রু নেলী।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা ও স্বাস্থ্যখাতের নানা সীমাবদ্ধতা ও প্রতিকূলতা সত্ত্বেও বান্দরবানের নারী ক্রীড়াবিদরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে জেলার জন্য গৌরব বয়ে আনছেন। তাদের অর্জন দেশের ক্রীড়াঙ্গনে পার্বত্য অঞ্চলের নারীদের সক্ষমতা ও সম্ভাবনার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

বক্তারা আরও বলেন, নৌকা বাইচ, টেনিস, চাইনিজ কুংফু, কারাতে, টেবিল টেনিস, বর্শা নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, ব্যাডমিন্টন, ফুটবল ও ভলিবলসহ বিভিন্ন খেলায় বান্দরবানের নারী খেলোয়াড়রা ধারাবাহিকভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন। তাদের অনেকেই জাতীয় পর্যায়ে পদক অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও দেশের প্রতিনিধিত্ব করছেন।

বান্দরবানে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে মতবিনিময় সভা

তবে সাফল্য সত্ত্বেও নারী ক্রীড়াবিদরা এখনো বিভিন্ন ধরনের বৈষম্য, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং সুযোগ-সুবিধার ঘাটতির মুখোমুখি হচ্ছেন বলে উল্লেখ করেন বক্তারা। তারা নারী ক্রীড়াবিদদের জন্য নিরাপদ ও হয়রানিমুক্ত ক্রীড়া পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি উন্নত প্রশিক্ষণ সুবিধা, আবাসন ব্যবস্থা, ক্রীড়া বীমা এবং নারী-বান্ধব স্টেডিয়াম নির্মাণের দাবি জানান।

সভায় নারী খেলোয়াড়দের জন্য বিশেষ আর্থিক সহায়তা, মেধাবী ক্রীড়াবিদদের বৃত্তি প্রদান, নিয়মিত প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন এবং জেলা ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার সংখ্যা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে বান্দরবানের নারী ক্রীড়াবিদরা ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করতে সক্ষম হবেন।

অনুষ্ঠানে ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদান রাখায় জেলা ও বিভাগীয় পর্যায়ে সফল নারী ক্রীড়াবিদ হ্ণা হ্ণাচিংকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক ও নগদ ২৫ হাজার টাকার আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়।

সভায় অংশগ্রহণকারীরা নারী ক্রীড়ার বিকাশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠন এবং সমাজের সকল স্তরের মানুষের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন, নারী ক্রীড়াবিদদের জন্য আরও নিরাপদ, সমতাভিত্তিক ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা গেলে বান্দরবান দেশের ক্রীড়াঙ্গনে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *