শুকনাছড়ির দুর্গম পাহাড়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অধীনস্থ লক্ষীছড়ি জোনের উদ্যোগে শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২০ জুন) লক্ষীছড়ি উপজেলার প্রত্যন্ত শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ৪০ জন ছাত্র-ছাত্রীর হাতে স্কুল ব্যাগ, খাতা, কলম, পেন্সিল ও রাবারসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, পাহাড়ের অনেক দরিদ্র ও প্রান্তিক পরিবারের শিক্ষার্থীরা আর্থিক সীমাবদ্ধতার কারণে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী সংগ্রহ করতে পারে না। ফলে অনেক ক্ষেত্রে তাদের পড়াশোনায় বিঘ্ন ঘটে এবং বিদ্যালয়ে উপস্থিতির হারও কমে যায়। এসব বাস্তবতা বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সচল রাখা এবং তাদের পড়াশোনার প্রতি আরও উৎসাহিত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকরা বলেন, দুর্গম এলাকার অনেক শিক্ষার্থী মৌলিক শিক্ষা উপকরণের অভাবে পিছিয়ে পড়ে। সেনাবাহিনীর এ ধরনের সহায়তা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে শিক্ষার্থীরা যেমন উপকৃত হচ্ছে, তেমনি তাদের মধ্যে শিক্ষার প্রতি নতুন উদ্দীপনাও সৃষ্টি হচ্ছে।
অভিভাবকরাও সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, শিক্ষা উপকরণ সংগ্রহ অনেক পরিবারের জন্য বাড়তি আর্থিক চাপের বিষয়। বিনামূল্যে এসব সামগ্রী পাওয়ায় শিক্ষার্থীরা যেমন আনন্দিত, তেমনি পরিবারগুলোও উপকৃত হয়েছে।

শিক্ষার্থীরা নতুন ব্যাগ, খাতা ও অন্যান্য শিক্ষা সামগ্রী হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। তারা ভবিষ্যতে আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করার প্রত্যয় ব্যক্ত করে।
স্থানীয় জনগণ, শিক্ষক ও অভিভাবকরা গুইমারা রিজিয়ন এবং লক্ষীছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলের মানুষের পাশে রয়েছে। এসব উদ্যোগ পাহাড়ের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উল্লেখ্য, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে নিয়মিতভাবে শিক্ষা সহায়তা, চিকিৎসা সেবা, বৃক্ষরোপণ, মানবিক সহায়তা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। শুকনাছড়িতে শিক্ষা উপকরণ বিতরণের এই উদ্যোগও সেই ধারাবাহিক প্রচেষ্টার অংশ, যা পাহাড়ের নতুন প্রজন্মকে শিক্ষার আলোয় এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।