ভারতের নিরাপত্তা ও কৌশলগত শক্তির অন্যতম ভিত্তি উত্তর-পূর্বাঞ্চল: রাজনাথ সিং
![]()
নিউজ ডেস্ক
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশটির উত্তর-পূর্বাঞ্চল শুধু একটি ভৌগোলিক সীমান্ত অঞ্চল নয়, বরং ভারতের নিরাপত্তা কাঠামো, অর্থনৈতিক সমৃদ্ধি এবং কৌশলগত শক্তির অন্যতম প্রধান ভিত্তি। তিনি জোর দিয়ে বলেন, ভারতের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির লক্ষ্য বাস্তবায়নে উত্তর-পূর্বাঞ্চল কেন্দ্রীয় ভূমিকা পালন করছে।
মেঘালয়ের শিলংয়ে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রাজনাথ সিং বলেন, ভারতের পূর্বাঞ্চল দেশটির কৌশলগত ভবিষ্যতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এ অঞ্চলে সীমান্ত, নদী, সংস্কৃতি এবং জনগোষ্ঠীগুলো পরস্পরের সঙ্গে গভীরভাবে সংযুক্ত।
তিনি বলেন, “আমি বিশ্বাস করি, পুরো উত্তর-পূর্বাঞ্চল ভারতের কৌশলগত ভবিষ্যতের অবিচ্ছেদ্য অংশ। আমরা যখন পূর্বাঞ্চলের কথা বলি, তখন শুধু মানচিত্রের একটি অংশের কথা বলি না; বরং এমন একটি গতিশীল অঞ্চলের কথা বলি, যেখানে ইতিহাস, ভূগোল, নিরাপত্তা এবং ভবিষ্যৎ একসূত্রে মিলিত হয়েছে।”
দেশটির জাতীয় স্বার্থ রক্ষায় পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ডের গুরুত্ব তুলে ধরে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভারতের সামগ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে পূর্বাঞ্চলের কৌশলগত সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাজনাথ সিং আরও বলেন, উত্তর-পূর্বাঞ্চলকে কেবল সীমান্তবর্তী এলাকা হিসেবে দেখলে চলবে না। এটি ভারতের নিরাপত্তা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আঞ্চলিক প্রভাব বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তিনি উল্লেখ করেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে সংযোগ, বাণিজ্য ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে ভারতের ‘অ্যাক্ট ইস্ট’ নীতি বাস্তবায়নে উত্তর-পূর্বাঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, দ্রুত পরিবর্তনশীল ও অনিশ্চিত বৈশ্বিক পরিস্থিতিতে আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারতের গুরুত্ব যত বাড়ছে, ততই উত্তর-পূর্বাঞ্চলের কৌশলগত মূল্যও বৃদ্ধি পাচ্ছে।
তিনি আরও বলেন, অঞ্চলটির অনন্য ভৌগোলিক অবস্থান ভারতের আঞ্চলিক সংযোগ বৃদ্ধি, সীমান্ত অবকাঠামো শক্তিশালীকরণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করার প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।