আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাঙামাটিতে বিএনপি ও অঙ্গসংগঠনের সতর্ক অবস্থান
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা, বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা প্রতিরোধে রাজপথে সতর্ক অবস্থান নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। মঙ্গলবার সকাল থেকে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই রাঙামাটি শহরের কাঠালতলীস্থ বিএনপির দলীয় কার্যালয়সহ বনরূপা, কলেজ গেট, তবলছড়ি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে নেতাকর্মীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে অবস্থান নেন। বিভিন্ন স্থানে তাদের সতর্ক উপস্থিতি লক্ষ্য করা যায়।
এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা জানান, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে। তাদের দাবি, আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে দেশের বিভিন্ন এলাকায় দলটির সমর্থকদের পক্ষ থেকে ঝটিকা মিছিল বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হতে পারে বলে আশঙ্কা রয়েছে। এ ধরনের পরিস্থিতি প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই তারা রাজপথে অবস্থান নিয়েছেন।

নেতারা আরও বলেন, রাঙামাটির সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার স্বার্থে তারা সতর্ক রয়েছেন, যাতে কোনো পক্ষ সাধারণ মানুষের জানমালের ক্ষতি কিংবা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে।
অন্যদিকে, সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় রাঙামাটি জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট সংস্থাগুলো সতর্ক রয়েছে।
তবে মঙ্গলবার দিনভর রাঙামাটি শহরের জনজীবন স্বাভাবিক ছিল। যানবাহন চলাচল ও ব্যবসা-বাণিজ্যেও কোনো ধরনের বিঘ্ন ঘটেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত শহরের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।