‘প্লাস্টিককে না বলি’ উদ্যোগে আলীকদম জোনের পরিবেশবান্ধব পরিচ্ছন্নতা অভিযান
![]()
নিউজ ডেস্ক
পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব আলীকদম গড়ে তোলার প্রত্যয়ে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোনের উদ্যোগে প্লাস্টিক বর্জ্য অপসারণ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি ব্যাপক পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন ২০২৬) আলীকদম জোন সদর দপ্তরে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক।
অনুষ্ঠানে জোনের পদস্থ কর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) এবং অন্যান্য পদবির সৈনিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কর্মসূচির আওতায় আলীকদম সেনানিবাস ও অধীনস্থ বিভিন্ন আর্মি ক্যাম্প এলাকায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
সংগৃহীত প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ করে পরিবেশসম্মত উপায়ে অপসারণ করা হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব ও পরিবেশ সুরক্ষার প্রয়োজনীয়তা বিষয়ে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে জোন অধিনায়ক বলেন, একটি সুস্থ, নিরাপদ ও বাসযোগ্য ভবিষ্যৎ গঠনে প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। তিনি পরিবেশ রক্ষায় সকলকে প্লাস্টিকের ব্যবহার কমানো এবং দায়িত্বশীল আচরণ গড়ে তোলার আহ্বান জানান।

এ সময় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন মহল আলীকদম জোনের এ উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।
তারা বলেন, পার্বত্য অঞ্চলের দুর্গম ও সীমিত অবকাঠামোর বাস্তবতায় পরিবেশ সুরক্ষায় সেনাবাহিনীর এ ধরনের সক্রিয় ভূমিকা শুধু পরিবেশ রক্ষায় নয়, বরং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

সংশ্লিষ্টরা আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের সার্বভৌমত্ব রক্ষায় নয়, বরং শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ধারাবাহিকভাবে ভূমিকা রেখে চলেছে। আলীকদম জোনের এ উদ্যোগ সেই বহুমাত্রিক দায়িত্বশীলতারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, পার্বত্য অঞ্চলে প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ মোকাবিলায় এ ধরনের উদ্যোগ দীর্ঘমেয়াদে ইতিবাচক পরিবর্তন আনতে পারে এবং পরিবেশ সচেতন একটি প্রজন্ম গড়ে তুলতে সহায়ক হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।