তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সর্বাত্মক সহায়তার ঘোষণা চীনের
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনা ও নদী উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা বাড়ানোর বিষয়ে চীনের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে তিস্তা নদীসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারের বিষয়ে ইতিবাচক মতৈক্য হয়েছে।
বৃহস্পতিবার বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আলোচনায় প্রধানমন্ত্রী দেশের বন্যা নিয়ন্ত্রণ, পরিবেশ সংরক্ষণ এবং পানি সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে চলমান নদী খনন ও উন্নয়ন কার্যক্রমের বিষয় তুলে ধরেন। এ খাতে চীনের প্রযুক্তিগত ও কারিগরি সহযোগিতা কামনা করেন তিনি।
বিশেষ করে তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে চীনের সহায়তার প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। জবাবে চীনের পানিসম্পদমন্ত্রী বাংলাদেশের পানি সম্পদ উন্নয়ন উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

লি গোওইং বলেন, ২০০৫ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এবং সাম্প্রতিক বছরগুলোতে বিশেষজ্ঞ পর্যায়ের যোগাযোগ পানি ব্যবস্থাপনায় দ্বিপাক্ষিক সহযোগিতার ভিত্তিকে আরও শক্তিশালী করেছে। তিনি এই সহযোগিতাকে বাস্তবভিত্তিক ও গবেষণানির্ভর বলে উল্লেখ করেন।
বৈঠকে নদীভাঙন প্রতিরোধ, সেচ ব্যবস্থার আধুনিকায়ন এবং নৌপথ উন্নয়নের ক্ষেত্রেও চীনের সহায়তার বিষয়টি গুরুত্ব পায়। চীনের মন্ত্রী জানান, এ খাতে তাদের দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাতে পারে। পাশাপাশি বাংলাদেশের পানি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য চীনে আমন্ত্রণ জানান তিনি।
বৈঠকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা ও শ্রমসহ বিভিন্ন খাতের উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।