ফেনী, কুমিল্লা ও চট্টগ্রামে র্যাবের অভিযানে ২৮৯ কেজি গাঁজা ও ৫৮০০ ইয়াবা উদ্ধার, আটক ৫
![]()
নিউজ ডেস্ক
ফেনী, কুমিল্লা ও চট্টগ্রামের আনোয়ারায় পৃথক অভিযানে ২৮৯ কেজি গাঁজা, ৫ হাজার ৮০০টি ইয়াবা, এক বোতল বিদেশি মদ ও ছয় বোতল বিয়ার উদ্ধার করেছে র্যাব-৭ চট্টগ্রাম। এ সময় পাঁচজন কথিত পেশাদার মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ফেনী সদর উপজেলার ফতেহপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে চট্টগ্রামমুখী নিউ দাউদকান্দি এক্সপ্রেস পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীবেশে থাকা সিনথিয়া ইসলাম (২৭) ও রাবিয়া (৪৫) নামে দুই নারীকে আটক করা হয়। তাদের লাগেজ থেকে ১৩ কেজি গাঁজা, এক বোতল বিদেশি মদ ও ছয় বোতল বিয়ার উদ্ধার করা হয়।
আটক দুই নারীর দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত দেড়টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গোমারবাড়ি পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে মজিবুল হক (২৯) ও মো. সিয়াম (২৫) নামে আরও দুজনকে আটক করা হয়। পরে তাদের গরু রাখার ঘর থেকে ২৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ছাড়া র্যাব-৭-এর আরেকটি দল চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তৈলার দ্বীপসংলগ্ন সরকারহাট এলাকায় অভিযান চালিয়ে দোস্ত মোহাম্মদ নামে এক রোহিঙ্গাকে আটক করে। তার কাছ থেকে ৫ হাজার ৮০০টি ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।