লামায় নারী পর্যটককে শ্লীলতাহানির অভিযোগে অবকাশকেন্দ্রের ব্যবস্থাপকসহ গ্রেপ্তার ২
![]()
নিউজ ডেস্ক
বান্দরবানের লামায় এক নারী পর্যটককে শ্লীলতাহানি, ভিডিও ধারণ এবং স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে একটি অবকাশকেন্দ্রের ব্যবস্থাপকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন অবকাশকেন্দ্রের ব্যবস্থাপক মোহাম্মদ রাশেদ (২৫) ও তাঁর সহযোগী মো. হৃদয় (২৮)। রোববার (২৮ জুন) সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (২৯ জুন) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহাজাহান কামাল জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ভুক্তভোগীর স্বর্ণালংকার এবং নগদ ৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ জুন তিনজন পর্যটক মাতামুহুরী নদীতে নৌভ্রমণে বের হন। এ সময় একজন নারী পর্যটক অসুস্থ হয়ে পড়লে তারা নদীর তীরে অবস্থিত একটি অবকাশকেন্দ্রে বিশ্রামের জন্য ওঠেন।
অভিযোগে বলা হয়েছে, কক্ষে প্রবেশের পর অবকাশকেন্দ্রের ব্যবস্থাপক রাশেদ ও তাঁর সহযোগী বাইরে থেকে দরজা বন্ধ করে দেন। পরে আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে কক্ষে প্রবেশ করে দুই নারী পর্যটককে শ্লীলতাহানি, ভিডিও ধারণ এবং তাদের কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীদের একজন বাদী হয়ে মোহাম্মদ রাশেদ, মো. হৃদয়সহ তিনজনের নাম উল্লেখ করে লামা থানায় মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উল্লেখ্য, এ ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।