জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক ১
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের উখিয়া সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের সময় ৬০ হাজার পিস ইয়াবাসহ রাশেদুল (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বালুখালী বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিআরএম-১৯-এর প্রায় ৫০০ গজ উত্তরে দক্ষিণ নলবনিয়া এলাকায় অবস্থান নেয়। এ সময় মিয়ানমার থেকে জেলের ছদ্মবেশে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে সন্দেহ হলে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। তিনি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আটক করা হয়।
তল্লাশিতে আটক ব্যক্তির কোমরে বাঁধা অবস্থায় এবং হাতে থাকা মাছের টুকরির ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা খাকি রঙের প্যাকেট থেকে নীল রঙের বায়ুরোধী ছয়টি কার্টনে সংরক্ষিত মোট ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক রাশেদুল উখিয়া উপজেলার বালুখালী নলবুনিয়া গ্রামের মাহাবুব আলমের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে বাংলাদেশে নিয়ে আসছিলেন। তিনি আরও জানান, তিনি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে মাছ ধরার জাল ও মাছের টুকরির মধ্যে ইয়াবা লুকিয়ে সীমান্ত অতিক্রম করে পাচার করে আসছিল।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদক সরবরাহকারী চক্র ও তাদের সহযোগীদের শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।