পানছড়িতে উপজাতি ফল ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ ইউপিডিএফের বিরুদ্ধে
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জিতেন্দ্রপাড়া (তারাবন) এলাকা থেকে উপজাতি সম্প্রদায়ের এক ফল ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, সোমবার (২৯ জুন) রাত আনুমানিক ৯টার দিকে ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা তাকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়।
অপহৃত ব্যক্তি জিবন চাকমা(৩৪)। তিনি ওই এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ক্ষুদ্র মৌসুমি ফল ব্যবসায়ী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের দাবি, সোমবার রাতে জিবন চাকমা নিজ বাড়িতে অবস্থানকালে ইউপিডিএফ সন্ত্রাসী সুমেনের নেতৃত্বে ইউপিডিএফের একদল সশস্ত্র সদস্য সেখানে হানা দেয়। পরে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় তার পরিবার ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা জানান, জিবন চাকমা একজন সাধারণ গ্রামবাসী এবং কোনো রাজনৈতিক বা সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা নেই। তারা অবিলম্বে তাকে অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অপহৃত জিবন চাকমার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। অপহরণের কারণও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।