আসামে ৯ কোটি ৫০ লাখ রুপি মূল্যের ইয়াবা ও হেরোইন জব্দ, আটক ২ নারী
![]()
নিউজ ডেস্ক
ভারতের উত্তর-পূর্বাঞ্চলে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আসামের কাছাড় জেলায় যৌথ অভিযানে প্রায় ৯ কোটি ৫০ লাখ রুপি মূল্যের ইয়াবা ও হেরোইন জব্দ করেছে আসাম রাইফেলস ও কাছাড় পুলিশ। অভিযানে দুই নারীকে আটক করা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, সোমবার (৩০ জুন) আসামের কাছাড় জেলার টোলেংগ্রাম এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসাম রাইফেলসের শ্রীকোনা ব্যাটালিয়ন ও কাছাড় পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে।
অভিযানে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট এবং ৫৩৫ গ্রাম হেরোইন নং-৪ (Heroin No. 4) উদ্ধার করা হয়।
নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানান, মাদকগুলো শনাক্তকরণ এড়াতে লাল মরিচভর্তি জারের ভেতরে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল। তবে তল্লাশির সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেগুলো উদ্ধার করতে সক্ষম হন।
অভিযানস্থল থেকে ভারতের মণিপুর রাজ্যের তামেংলং জেলার টোলেন গ্রামের দুই নারীকে আটক করা হয়। পরে তাদের পরবর্তী তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাছাড় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কর্তৃপক্ষের ভাষ্য, উত্তর-পূর্বাঞ্চলে মাদক ও চোরাচালানবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়েছে। এর আগের দিনও পৃথক অভিযানে প্রায় ৫ কোটি রুপি মূল্যের ইয়াবা ও হেরোইন জব্দ করা হয়। এছাড়া আরেকটি অভিযানে প্রায় ২ কোটি ৮০ লাখ রুপি মূল্যের বিদেশি অবৈধ সিগারেটও উদ্ধার করা হয়েছিল।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সর্বশেষ এ অভিযানে আসাম রাইফেলস, কাছাড় পুলিশ এবং শুল্ক বিভাগের সমন্বিত কার্যক্রম উত্তর-পূর্বাঞ্চলে সক্রিয় মাদক ও চোরাচালান চক্রের বিরুদ্ধে চলমান অভিযানে গুরুত্বপূর্ণ সাফল্য এনে দিয়েছে।
আসাম রাইফেলস এক বিবৃতিতে জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সঙ্গে সমন্বিত অভিযান অব্যাহত রেখে মাদক পাচার প্রতিরোধ এবং উত্তর-পূর্বাঞ্চলকে মাদকের হুমকি থেকে সুরক্ষিত রাখতে তারা বদ্ধপরিকর।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।