আফগানিস্তানের ৪ আকাশযান ধ্বংস করল পাকিস্তান
![]()
নিউজ ডেস্ক
আফগানিস্তান থেকে উৎক্ষেপণ করা চারটি মনুষ্যবিহীন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। অন্যদিকে আফগানিস্তান দাবি করেছে, তারা পাকিস্তানের ভেতরে ইসলামিক স্টেটের (আইএস) ঘাঁটিতে সফল হামলা চালিয়েছে।
বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়, দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী করাচিতে একটি নিরাপত্তা স্থাপনায় সন্ত্রাসী হামলা এবং এর জেরে গত সপ্তাহে আফগানিস্তানের ভেতরে পাকিস্তানের বিমান হামলার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় আবারও ইসলামাবাদ ও কাবুল নতুন দাবি করল।
এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী জানায়, মঙ্গলবার (৩০ জুন) দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে আফগান নিরাপত্তা বাহিনীর উৎক্ষেপণ করা শত্রুপক্ষের আকাশযান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত শনাক্ত করে এবং তাৎক্ষণিকভাবে ধ্বংস করে।
বিবৃতিতে আরও বলা হয়, আফগান নিরাপত্তা বাহিনী তাদের নিয়ন্ত্রিত এলাকা থেকে পরিচালিত সন্ত্রাসী সংগঠনগুলোকে পৃষ্ঠপোষকতা ও সহায়তার অংশ হিসেবে এসব ড্রোন উৎক্ষেপণ করেছিল। পাকিস্তান সেনাবাহিনী সতর্ক করে বলেছে, আফগান তালেবান যদি পাকিস্তানকে উসকানি দেয়া অব্যাহত রাখে, তাহলে তারা এমন জবাব পাবে যার জন্য তাদের বড় মূল্য দিতে হবে।
সেনাবাহিনীর বিবৃতিতে হতাহতের কোনো তথ্য উল্লেখ করা হয়নি। তবে দেশটির সংবাদমাধ্যম ডন জানিয়েছে, মঙ্গলবার রাতে উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে সন্দেহভাজন একটি ড্রোন হামলায় একজন নারী নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন।
এছাড়া আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সিদ্দিকুল্লাহ নুসরাত বলেন, আফগান বিমানবাহিনী পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে আইএসের ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে। এতে জঙ্গি সংগঠনটির ব্যাপক প্রাণহানি ও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে নুসরাত বলেন, হামলাগুলো অত্যন্ত নিখুঁতভাবে পরিচালনা করা হয়েছে এবং এতে কোনো বেসামরিক নাগরিক হতাহত হননি।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে একাধিক হামলার পর দুই দেশের সম্পর্ক ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। এসব ঘটনার জেরে সীমান্ত এলাকায় একাধিকবার সংঘর্ষও হয়েছে। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তান তাদের ভূখণ্ড জঙ্গিদের ব্যবহারের সুযোগ দিচ্ছে। তবে এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে কাবুল।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।