তিস্তা মহাপরিকল্পনা একনেকে অনুমোদনের দাবিতে মশাল মিছিল
![]()
নিউজ ডেস্ক
তিস্তা মহাপরিকল্পনা একনেকে অনুমোদন এবং বাস্তবায়নের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে নীলফামারীর তিস্তাপাড়ে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জুলাই) সন্ধ্যায় জেলার জলঢাকা উপজেলার শৌলমারী বানপাড়া তিস্তাপাড়ে এ কর্মসূচির আয়োজন করে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ।
সমাবেশে বক্তারা বলেন, জাতীয় সংসদে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করায় তারা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। একই সঙ্গে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা একনেকে অনুমোদন এবং বাস্তবায়নের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানান।
স্থানীয় বাসিন্দা রুস্তম আলী বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে উন্নয়ন হচ্ছে। কিন্তু তিস্তা মহাপরিকল্পনার ক্ষেত্রে বছরের পর বছর ধরে শুধু আশ্বাসই দেওয়া হচ্ছে। বাস্তবায়নের নির্দিষ্ট সময় বা কার্যকর কোনো উদ্যোগের বিষয়ে আমরা এখনো নিশ্চিত হতে পারিনি।
তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সদস্য ছাদেকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী যেহেতু বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে, তাই আমরা আশাবাদী। তিস্তাপাড়ের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা ও অনিশ্চয়তার মধ্যে রয়েছে। আজকের মশাল মিছিলের মাধ্যমে আমরা সেই অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে যাওয়ার প্রত্যাশার কথা জানাতে এসেছি।
সংগঠনের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান বলেন, প্রধানমন্ত্রী সংসদে তিস্তা প্রকল্প বাস্তবায়নের বিষয়ে যে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন, আমরা তাকে স্বাগত জানাই। আমাদের দাবি, আগামী একনেক সভায় তিস্তা মহাপরিকল্পনা অনুমোদন দিয়ে প্রয়োজনীয় বরাদ্দ ঘোষণা করা হোক এবং দ্রুত বাস্তবায়ন কাজ শুরু করা হোক।
তিনি আরও বলেন, নতুন করে ব্যারেজ নির্মাণের পরিকল্পনার পরিবর্তে আমরা পূর্ণাঙ্গ তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চাই। কারণ নতুন ব্যারেজ নির্মাণ করা হলে মহাপরিকল্পনায় প্রস্তাবিত তিনটি নৌ-টার্মিনালসহ অন্যান্য উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জটিলতা সৃষ্টি হতে পারে। অতীতে বহুবার আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। এবার আমরা আশাবাদী হলেও দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চাই।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।