সশস্ত্র গোষ্ঠীর ৪০০ সদস্যকে হত্যার তথ্য জানাল বুরকিনা ফাসোর সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
বুরকিনা ফাসোর সামরিক অবস্থানে হামলাকারী ৪০০ জনেরও বেশি সশস্ত্র গোষ্ঠীর সদস্যকে হত্যার তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনী। বুধবার (১ জুন) এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, গেল ৩০ জুন বেশ কয়েকটি সামরিক অবস্থানে সশস্ত্র গোষ্ঠীগুলোর সমন্বিত হামলা প্রতিহত করেছেন তারা। এ সময় পাল্টা আক্রমণে বিমান হামলা চালিয়ে হত্যা করা হয়েছে ৪০০ জনেরও বেশি হামলাকারীকে।
সেনাবাহিনীর বিবৃতির বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, সশস্ত্র ব্যক্তিরা সিরবা অঞ্চলের গায়েরি এবং লিপতাকো অঞ্চলের সোলহান ও সেব্বা এলাকায় ন্যাশনাল আর্মড ফোর্সেস এবং ভলান্টিয়ার্স ফর দ্য ডিফেন্স অফ দ্য হোমল্যান্ড’র অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছিল।
সেনাবাহিনীর মতে, বিমান বাহিনীর সহায়তায় স্থল ইউনিটগুলো তাৎক্ষণিকভাবে এই হামলার জবাব দিয়েছে। এতে বলা হয়েছে, লক্ষ্যবস্তুতে চালানো বিমান হামলা এবং স্থল যুদ্ধে ৪০০ জনেরও বেশি সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে ২৫০টিরও বেশি মোটরসাইকেল, বিভিন্ন ক্যালিবারের ৩৫৩টি অস্ত্র, গোলাবারুদ এবং যোগাযোগ সরঞ্জামসহ বিপুল পরিমাণ সরঞ্জাম।
সেনাবাহিনী আরও জানিয়েছে, এই লড়াইয়ে তাদের তিনজন সদস্য নিহত হয়েছেন। এছাড়া যারা পালিয়ে গেছে তাদের খুঁজে বের করতে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এলাকাটি সুরক্ষিত করার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। তারা বাসিন্দাদের নিরাপত্তা বাহিনীর সাথে সহযোগিতা করতে, নিরাপত্তা নির্দেশাবলি মেনে চলতে এবং সন্দেহজনক ব্যক্তিদের সম্পর্কে তথ্য জানাতে আহ্বানও জানিয়েছে।
বিবৃতিতে এই সমন্বিত হামলাগুলোকে বুরকিনা ফাসোর একদিন আগে ঘোষিত ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তের সাথে যুক্ত করা হয়েছে। এতে অভিযোগ করা হয়েছে, সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন করছে ফ্রান্স।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।