রাঙামাটিতে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই চাকমা মাদক কারবারি গ্রেপ্তার
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি শহরে মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চাকমা সম্প্রদায়ের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ। অভিযানের সময় উদ্ধার করা ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে শহরে আনা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) রাতে রাঙামাটি শহরের মারী স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন জলমনি চাকমা (৪৯) ও নতুন বাবু চাকমা (৩৯)।
পুলিশ জানায়, রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় দুইজনের কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাদের ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তারেক সেকান্দার বলেন, বিশেষ অভিযানের মাধ্যমে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার হওয়া ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে তাদের কাছে রাখা হয়েছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তবে শুধু আইন-শৃঙ্খলা বাহিনীর উদ্যোগে নয়, মাদকমুক্ত সমাজ গঠনে সাধারণ মানুষের সচেতনতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, জনগণের সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধি পেলে মাদকের বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব হবে।
কোতয়ালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের জুন মাসে রাঙামাটিতে মাদকবিরোধী অভিযানে মোট ৯টি মামলা দায়ের করা হয়েছে এবং ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ১৪৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।