দুর্গম ধনপাতাছড়ায় বিজিবির জনসচেতনতা সভা, শিক্ষা উপকরণ বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

দুর্গম ধনপাতাছড়ায় বিজিবির জনসচেতনতা সভা, শিক্ষা উপকরণ বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

দুর্গম ধনপাতাছড়ায় বিজিবির জনসচেতনতা সভা, শিক্ষা উপকরণ বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা কার্যক্রমকে আরও বেগবান করতে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম ধনপাতাছড়া এলাকায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)। জনসচেতনতামূলক সভা, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের মাধ্যমে স্থানীয় জনগণের পাশে দাঁড়িয়েছে সীমান্তরক্ষী এ বাহিনী।

বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার ৫ নম্বর বাবুছড়া ইউনিয়নের ধনপাতাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, জনপ্রতিনিধি এবং বিজিবি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ।

বিশেষ অতিথি ছিলেন ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন, মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন এম. আবদুল্লাহ আল-মামুন এবং বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা।

অনুষ্ঠানের শুরুতে আয়োজিত জনসচেতনতামূলক সভায় সীমান্ত এলাকায় চোরাচালান, নারী পাচার, অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন) এবং অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়। বক্তারা বলেন, সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ পণ্য বা বিদেশি নাগরিকের অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সতর্কতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের অংশগ্রহণ ছাড়া সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী করা সম্ভব নয়।

আলোচনা সভা শেষে ধনপাতাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিক্ষা উপকরণ পেয়ে কোমলমতি শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং এ ধরনের উদ্যোগকে উৎসাহব্যঞ্জক বলে অভিহিত করেন অভিভাবকরা।

এরপর এলাকার প্রায় ১০০টি অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের জন্য একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। বিজিবির মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন এম. আবদুল্লাহ আল-মামুন-এর নেতৃত্বে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। দুর্গম এলাকায় চিকিৎসাসেবার সীমাবদ্ধতার কারণে স্থানীয়রা এই উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী বলে মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মো. ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ বলেন, বাংলাদেশ সীমান্তকে নিরাপদ রাখতে বিজিবি স্থানীয় জনগণকে সঙ্গে নিয়েই কাজ করতে চায়। তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্গম এলাকার মানুষের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সামগ্রিক জীবনমান উন্নয়নে বিজিবি নিয়মিত বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি আরও বলেন, “দুর্গম ধনপাতাছড়া এলাকার মানুষের যেকোনো প্রয়োজনে বিজিবি সবসময় পাশে থাকবে। আমরা সবাই মিলে এই পাহাড়কে নিরাপদ, সুন্দর ও সমৃদ্ধ করে গড়ে তুলতে চাই। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং মানবিক সহায়তাসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয় বাসিন্দারা বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিজিবির এই ধরনের মানবিক কার্যক্রম জনগণের সঙ্গে বাহিনীর আস্থার সম্পর্ককে আরও সুদৃঢ় করছে। বিশেষ করে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা ও শিক্ষা উপকরণ বিতরণের উদ্যোগ সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করছে।

উল্লেখ্য, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) নিয়মিতভাবে পার্বত্য অঞ্চলে জনসচেতনতা বৃদ্ধি, শিক্ষা সহায়তা, চিকিৎসাসেবা এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব উদ্যোগ স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন এবং সীমান্ত এলাকায় শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *