বান্দরবানে সংরক্ষিত নারী এমপির ঐচ্ছিক তহবিলের অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ
![]()
নিউজ ডেস্ক
পবিত্র ঈদুল আযহা-২০২৬ উপলক্ষে বান্দরবানে মাননীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের অনুদানের অর্থ এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দকৃত ত্রাণসামগ্রী (চাল) সামাজিক কল্যাণে নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে।
রবিবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বান্দরবান উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৩৪-এর সংসদ সদস্য মাধবী মার্মা।
বান্দরবান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হীরামনির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাধবী মার্মা বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও মানবিক সহায়তার মাধ্যমে অসহায়, দরিদ্র এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে। ঈদুল আযহার আনন্দ সমাজের সব শ্রেণির মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এসব অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ করেছে। অসহায় মানুষের জীবনমান উন্নয়ন এবং দুর্যোগকালীন সহায়তা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মাধবী মারমা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যোগ্য মনে করেছে বলে পার্বত্য এলাকায় মহিলা আসনের নির্বাচিত করেছেন। একই সাথে সমতলে আরো দুটি আসনের দ্বায়িত্ব দিয়েছে। সেই সুযোগে আমার বরাদ্ধকৃত নিজস্ব তহবিল থেকে সামান্য উপহার দিয়েছি। উপহারের মূল্য নয়, বরং এর পেছনের আন্তরিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ক্ষুদ্র উপহারের মাধ্যমে শুভেচ্ছা, সম্মান ও কৃতজ্ঞতার বার্তা পৌঁছে দেওয়াই ছিল মূল উদ্দেশ্য।
এ সময় তিনি সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের অনুদানের অর্থ বিতরণ করা হয়। একই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দকৃত মানবিক সহায়তার অংশ হিসেবে বিভিন্ন সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ত্রাণসামগ্রী হিসেবে চাল তুলে দেওয়া হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।